ইয়ারমূক যুদ্ধ (2) রোমক সেনাপতির ইসলাম গ্রহণ

 

ইয়ারমূক যুদ্ধ  (২)

 রোমক সেনাপতির ইসলাম গ্রহণ: জুরজা ছিলেন বাইজেন্টাইন  সৈন্যদের অন্যতম সেনাপতি। দ্বন্দ্বযুদ্ধে আহবান জানিয়ে তিনি মুসলিম বাহিনীর দিকে  এগিয়ে এলেন। খালিদ বিন ওয়ালীদ (রাঃ) তার মুকাবিলা করার জন্য বীরদর্পে বের হ’লেন।  যুদ্ধের পূর্বে উভয়ের মাঝে দীর্ঘক্ষণ সংলাপ হ’ল। যার ফলাফল দাঁড়াল তিনি ইসলাম  গ্রহণ করলেন এবং মাত্র দু’রাক‘আত ছালাত আদায় করে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে  শাহাদত বরণ করলেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজে‘ঊন)। ইবনু জারীর  ত্বাবারী বলেন, জুরজাহ তার কাতার থেকে বের হয়ে যুদ্ধরত দু’দলের মাঝে এসে দ্বন্দ্বযুদ্ধ  করার জন্য মুসলিম সেনাপতি খালেদকে আহবান জানালেন। খালেদ তার স্থানে আবু ওবায়দা  (রাঃ)-কে দায়িত্ব দিয়ে তার ডাকে সাড়া দিলেন। অতঃপর তারা দু’কাতারের মধ্যে অবস্থান  নিলেন। একজনের ঘোড়ার কাঁধ অন্যজনের ঘোড়ার সাথে ঠেকে যাচ্ছিল। কিন্তু একজন অন্যজনকে  আঘাত করছিলেন না। বরং তাদের মধ্যে সংলাপ চলছিল। জুরজাহ বললেন, হে খালেদ! তুমি  আমাকে সত্য বলবে, মিথ্যা বলবে না। কারণ স্বাধীন ব্যক্তি মিথ্যা বলে না। তুমি আমাকে  ধোঁকা দিবে না। কারণ সম্মানী ব্যক্তি কাউকে ধোঁকা দেয় না। বল তো আল্লাহ কি তোমাদের  নবীর উপর আকাশ থেকে তরবারী নাযিল করেছিলেন যেটা তিনি তোমাকে দান করেছেন? ফলে যে  জাতির বিরুদ্ধে তুমি এ তরবারী কোষমুক্ত কর তাদেরই পরাস্ত করে ফেল? খালেদ বললেন,  ঘটনা এমনটি নয়।


জুরজাহ বলল, তাহ’লে তোমার নাম সাইফুল্লাহ  (আল্লাহ্র তরবারী) কিভাবে হ’ল? খালেদ বললেন, আল্লাহ তা‘আলা আমাদের মাঝে একজন নবী  পাঠিয়েছিলেন। তিনি আমাদেরকে ইসলামের পথে আহবান করলেন। আমরা তাঁর থেকে অনেক দূরে  চলে গেলাম। পরে আমাদের কেউ তাঁকে বিশ্বাস করল, কেউ তাঁকে অস্বীকার করল এবং তাঁর  প্রতি মিথ্যারোপ করল। আর আমি তাদের মধ্যে ছিলাম যারা তাঁকে মিথ্যারোপ করেছিল এবং  তাঁর থেকে দূরে সরে গিয়েছিল। এমনকি আমি তাঁর বিরুদ্ধে যুদ্ধও করেছি। অতঃপর আল্লাহ  আমাদেরকে হেদায়াত দান করলেন। ফলে  আমরা  ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলাম। তখন রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে বললেন, ‘তুমি  আল্লাহ্র তরবারী সমূহের মধ্যে একটি তরবারী, যা তিনি মুশরিকদের বিরুদ্ধে কোষমুক্ত  করেছেন। তিনি আমার জন্য আল্লাহ্র সাহায্যের দো‘আ করলেন। তারপর থেকে আমার নাম ‘সাইফুল্লাহ’  (আল্লাহ্র তরবারী) হয়ে গেল। এখন আমি মুসলমানদের মধ্যে মুশরিকদের বিরুদ্ধে সর্বাধিক  কঠিন ব্যক্তি।


জুরজাহ বললেন, তুমি আমাকে  সত্যই বলেছ। সে আবার প্রশ্ন করল, হে খালেদ! তোমরা আমাকে কিসের দিকে দাওয়াত দিচ্ছ?

খালেদ বললেন, ‘আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং  মুহাম্মাদ (ছাঃ) তাঁর বান্দা ও রাসূল’ একথার সাক্ষ্য দেওয়া এবং তিনি আল্লাহ্র পক্ষ  থেকে যা নিয়ে এসেছেন তার স্বীকৃতি দেওয়ার প্রতি আহবান জানাচ্ছি।

জুরজাহ বললেন, যে তোমাদের দাওয়াত কবুল করবে না  তার পরিণতি কি হবে? খালেদ (রাঃ) বললেন, সে জিযিয়া প্রদান করবে এবং এর মাধ্যমে  নিজেদের জান-মালের নিরাপত্তা লাভ করবে।

জুরজাহ  বললেন, যদি সে জিযিয়া প্রদান না করে? খালেদ (রাঃ) বললেন, আমরা তাদের বিরুদ্ধে  যুদ্ধের ঘোষণা প্রদান করব। অতঃপর তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।

জুরজাহ  বললেন, আজকে যারা তোমাদের এ দ্বীন কবুল করে তোমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের  মর্যাদা কি হবে? খালেদ (রাঃ) বললেন, আল্লাহ প্রদত্ত ফরয বিধান পালনের ক্ষেত্রে  আমাদের মধ্যকার সম্মানী-অসম্মানী, প্রথমে ইসলাম গ্রহণকারী পরে ইসলাম গ্রহণকারী  সবার মর্যাদা সমান।

জুরজাহ বললেন, হে খালেদ! আজকে যে ইসলাম গ্রহণ  করবে সে কি তোমাদের মতই নেকী ও পুরস্কার পাবে? খালেদ (রাঃ) বললেন, হ্যাঁ বরং বেশী  পাবে। জুরজাহ বললেন, সে পুরস্কার পাওয়ার  ক্ষেত্রে কিভাবে তোমাদের সমকক্ষ হবে, অথচ তোমরা অগ্রগামীদের অন্তর্ভুক্ত?

খালেদ (রাঃ) বললেন, আমরা এ দ্বীনে প্রবেশ করেছি।  আমরা নবীর জীবদ্দশায় তাঁর হাতে বায়‘আত গ্রহণ করেছি। আকাশ থেকে তাঁর কাছে অহী আসত।  তিনি আমাদেরকে তা শুনাতেন। তিনি আমাদেরকে বিভিন্ন নিদর্শন দেখাতেন। অতএব সেই  ব্যক্তি আমাদের সমকক্ষ যে আমাদের মত তাঁকে দেখেছে ও  তাঁর কথা শুনেছে। কিন্তু আমরা যেসব বিস্ময়কর  ঘটনা দেখেছি ও শুনেছি তোমরা তা দেখনি ও শোননি। এক্ষণে যে তোমাদের মধ্য হ’তে খালেছ  নিয়তে এ দ্বীন কবুল করবে, সে আমাদের থেকেও উত্তম হবে।

জুরজাহ বলল, আল্লাহ্র নামে তুমি আমাকে সত্য কথা  বলেছ, আমাকে ধোঁকা দাওনি এবং আমার সাথে প্রতারণাও করনি। খালেদ (রাঃ) বললেন,  আল্লাহ্র কসম! আমি তোমাকে সত্য বলেছি। তোমার প্রতি বা অন্য কারো প্রতি আমার কোন  বিদ্বেষ নেই। আর আল্লাহ তা‘আলা তো তোমার জিজ্ঞাসিত বিষয়ে অভিভাবক।

জুরজাহ বললেন, তুমি সত্য বলেছ। অতঃপর ঢাল নিচে  নামিয়ে খালেদের কাছাকাছি হয়ে বললেন, আমাকে ইসলামের দীক্ষা দাও, আমি ইসলাম গ্রহণ করব।  অতঃপর খালেদ বিন ওয়ালীদ (রাঃ) তাকে সাথে নিয়ে তাঁবুতে গেলেন এবং তার গোসলের  ব্যবস্থা করলেন। অতঃপর ইসলাম গ্রহণ করে জুরজাহ দু’রাক‘আত ছালাত আদায় করলেন। এরই  মধ্যে রোমকরা জুরজাহকে খালেদের দলভুক্ত মনে করে তাদের উপর প্রচন্ড হামলা করল। মুসলিম  সৈন্যরা পলায়ন করতে বাধ্য হ’ল। ইকরিমা বিন আবু জাহল ও হারেছ ইবনু হিশাম দু’জন  খালিদের তাঁবুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা তাদের প্রতিহত করলেন। ইকরিমা যখন  মুসলমানদের ফিরে আসতে দেখলেন তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-এর বিরুদ্ধে  বহু স্থানে যুদ্ধ করেছি। আর আজকে তোমাদের থেকে পলায়ন করব? অতঃপর তিনি ঘোষণা করলেন,  তোমাদের মধ্যে কে আছ যে মৃত্যুর জন্য আমার হাতে বায়‘আত করবে? এ ঘোষণা শুনে হারেছ  ইবনু হিশাম, যিরার বিন আযওয়ার সহ মুসলমানদের চারশ’ অশ্বারোহী সৈন্য বায়‘আত গ্রহণ করলেন।  অতঃপর তারা খালেদ বিন ওয়ালীদের তাঁবুর সামনে থেকে রোমক সৈন্যদের আহত করে তাড়িয়ে  দিতে সক্ষম হ’লেন। যিরার বিন আযওয়ার (রাঃ) ব্যতীত তারা সকলে শাহাদাত বরণ করলেন। পুনরায় রোমকদের ফিরে আসতে দেখে সেনাপতি খালেদ  জুরজাহকে সাথে নিয়ে ঘোড়ায় আরোহণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তখন রোমকরা মুসলমানদের  মধ্যে ঢুকে যুদ্ধ করছিল। তিনি লোকদের ডেকে সমবেত করলেন। তৎক্ষণাৎ রোমকরা তাদের  স্থানে ফিরে গেল। সেনাপতি খালিদ (রাঃ) জুরজাহকে সাথে নিয়ে বীরদর্পে রোমকদের দিকে  এগিয়ে গেলেন এবং সকাল হ’তে সন্ধ্যা পর্যন্ত উভয়ে তাদের বিরুদ্ধে বীরবিক্রমে যুদ্ধ করলেন।  এরই মধ্যে জুরজাহ শাহাদাতের অমীয় সুধা পান করলেন। অথচ ইসলাম গ্রহণের পর  দু’রাক‘আতের বেশী ছালাত আদায় করার সুযোগ তাঁর হয়নি।

যিরার বিন আযওয়ার (রাঃ)  বলেন, সকাল হ’লে ইকরিমা বিন আবু জাহল ও আমর বিন ইকরিমাকে খালেদের কাছে আহত অবস্থায়  আনা হ’ল। তখন তিনি ইকরিমার মাথা তার উরুর উপর ও তারই ছেলে আমর ইবনু ইকরিমার মাথা  তার পায়ের নলার উপর রেখে তাদের চেহারার হাত বুলাতে থাকলেন এবং মুখের মধ্যে পানির  ফোঁটা ঢালতে থাকলেন। এক পর্যায়ে তারা তার পায়ের উপর মাথা রেখেই শাহাদাত বরণ করলেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজে‘ঊন)


পারস্পরিক সহমর্মিতার বিরল  দৃষ্টান্ত: ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক ভালবাসা, নিজের  উপর অন্যকে প্রাধান্য দেয়া ও নিজের পসন্দনীয় বিষয়কে অন্যের জন্য পসন্দ করা এ সকল  গুণের একত্র সমাহার ঘটেছিল। এ গুণাবলীই তাদেরকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে  দিয়েছিল। যুদ্ধের ময়দানে জীবন হারানোর আশংকা থাকা সত্ত্বেও তারা নিজের উপর অন্যকে  প্রাধান্য দিয়েছেন। যুদ্ধের সময় হুযায়ফা (রাঃ) আহতদের মধ্যে তার চাচাতো ভাইকে  খুঁজতে থাকেন। তার সাথে ছিল সামান্য পানি। হুযায়ফার চাচাতো ভাইয়ের শরীর দিয়ে অবিরত  ধারায় রক্ত ঝরছিল। তার অবস্থা ছিল আশংকাজনক। হুযায়ফা (রাঃ) তাকে বললেন, তুমি কি  পানি পান করবে? সে হ্যঁা সূচক ইঙ্গিত করল। আহত সৈন্যটি হুযায়ফার কাছ থেকে পানি পান  করার জন্য পাত্র হাতে নিতেই তার পাশে এক সৈন্যকে পানি পানি বলে চিৎকার করতে শুনল।  পিপাসার্ত ঐ সৈনিকের আর্তনাদ শুনে তিনি আগে তাকে পানি পান করানোর জন্য হুযায়ফাকে  ইঙ্গিত দিলেন। অতঃপর হুযায়ফা তার নিকট গিয়ে তার হাতে পানির পাত্র দিলে তিনি পাত্র  উপরে তুলে ধরতেই পাশ থেকে অন্য একজন সৈন্যের চিৎকার শুনতে পেলেন। তখন তিনি পানি  পান না করে হুযায়ফা (রাঃ)-কে বললেন, তার দিকে দ্রুত ছুটে যাও এবং সে পানি পান করার  পর কিছু অবশিষ্ট থাকলে আমাকে দিয়ো। হুযায়ফা আহত সৈন্যটির কাছে গিয়ে দেখলেন, তিনি  মারা গেছেন। অতঃপর দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলেন, তিনি মারা গেছেন। অতঃপর  চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলে দেখেন তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে  জান্নাতবাসী হয়েছেন। পানির পাত্রটি তখনও হুযায়ফার হাতে। এতটুকু পানি। অথচ তা পান  করার মত এখন আর কেউ বেঁচে নেই। যাদের পানির প্রয়োজন ছিল তারা আরেক জনের পানির  পিপাসা মিটাবার জন্য এতই পাগলপরা ছিলেন যে, অবশেষে কেউ সে পানি পান করতে পারেননি।  অথচ সবারই প্রাণ ছিল ওষ্ঠাগত। একেই বলে ‘মৃত্যুর দুয়ারে  মানবতা’।


মদীনা থেকে পত্র প্রেরণ: ইবনুল আছীর  বলেন, মাহমিয়া ইবনু যানীম নামক এক দূত খলীফার পক্ষ থেকে পত্র নিয়ে যুদ্ধের ময়দানে  আগমন করলে সৈন্যরা তার নিকট মদীনার খবর জানতে চায়। সে তাদেরকে বলে, মদীনা নিরাপদ ও  নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। অথচ সে আবুবকর (রাঃ)-এর মৃত্যুর সংবাদ ও খালেদ বিন  ওয়ালীদ (রাঃ)-কে সেনাপতির দায়িত্ব থেকে অপসারণ করে তদস্থলে আবু ওবায়দা ইবনুল  জার্রাহ (রাঃ)-কে নিযুক্তির সংবাদ নিয়ে এসেছিল। অতঃপর দূত খালেদের সাথে সাক্ষাৎ করে  গোপনে আবুবকর (রাঃ)-এর মৃত্যু সংবাদ জানাল এবং খলীফা ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর  পক্ষ থেকে প্রেরিত পত্রখানা হস্তান্তর করল। সেনাপতি খালেদ সৈন্যদের কিছু না জানিয়ে  পত্রখানা সংরক্ষণ করলেন। কারণ এমন সময় আবুবকর (রাঃ)-এর মৃত্যুর সংবাদ ও সেনাপতির  পদ থেকে খালেদের অপসারনের খবর সৈন্যদের মাঝে বিশৃংখলা সৃষ্টি করতে পারে।


এরপর সেনাপতি খালেদ রোমকদের  বাম বাহুর উপর হামলা করলেন, যারা মুসলিম বাহিনীর উপর ডান বাহুর উপর হামলা করছিল।  প্রচন্ডভাবে আক্রমণ করে তিনি ৬ (ছয়) হাযার রোমক সৈন্য হত্যা করলেন। অতঃপর মুসলিম  সৈন্যদের কাছে ফিরে এসে বললেন, আল্লাহ্র কসম! কোন উর্বর-অনুর্বর ও কংকরময় ভূমিও  তাদের দখলে থাকবে না। তোমরা তো তা অবলোকন করছ। আর আমি আশা করি আল্লাহ তোমাদেরকে  তাদের উপর বিজয় দান করবেন। এ কথা বলে তিনি ১০০ (একশত) অশ্বারোহী নিয়ে ১০০০ (এক  হাযার) রোমক সৈন্যের উপর আক্রমণ করলেন। ক্ষণিকের মধ্যে তিনি তাদের ছত্রভঙ্গ করতে  সক্ষম হ’লেন। মুসলিম সৈন্যরা তাদের উপর হামলা করে তাদের অনেককে হত্যা ও অনেককে  বন্দি করলেন।


মুসলমানেরা যোহ্র ও আছরের  ছালাত ইশারায় আদায় করলেন। খালিদ স্বীয় পদাতিক বাহিনী নিয়ে শত্রুপক্ষের উপর হামলা  করলেন। এমনকি তাদের ভিতরে ঢুকে পড়লেন। তাদের বীরত্ব দেখে রোমকরা ভীত হয়ে পড়ল।  অবশেষে তাদের অশ্বারোহী বাহিনী পলায়ন করল। মুসলিম সৈন্যরা তাদের জন্য পথ খুলে দিল।  ফলে তারা শহ্রে বিপর্যস্ত হয়ে ঘুরাঘুরি করতে লাগল। অশ্বারোহী বাহিনী তাদের অনুসরণ  করল। সেনাপতি খালিদের শাণিত হামলার সামনে তারা তাঁর খননকৃত ওয়াকূছাহ নামক খন্দকের  (গভীর নালা) দিকে পিছু হটতে বাধ্য হ’ল এবং পঙ্গপালের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ন্যায়  তারা শিকলবদ্ধ অবস্থায় উক্ত গর্তে নিক্ষিপ্ত হ’তে লাগল। যখন তাদের একজন পড়ছিল তখন  শিকলে বাঁধা সবাই পড়ে যাচ্ছিল। যুদ্ধের ময়দানে নিহত সৈন্য ব্যতীত এভাবে সেখানে  তাদের এক লক্ষ বিশ হাযার সৈন্য নিহত হ’ল। যাদের আশি হাযার ছিল বিশেষ বাহিনীর সদস্য  ও চল্লিশ হাযার ছিল সাধারণ সৈন্য। বিজয় না আসা পর্যন্ত মুসলমানেরা এদিন তাদের  মাগরিব ও এশার ছালাত বিলম্বিত করেন।


সেনাপতি খালিদের বীরত্বের  ফলে রোমকরা পিছনে হটতে বাধ্য হচ্ছিল। তারপরেও এভাবে ছয় দিন ধরে যুদ্ধ চলল। প্রথম  চারদিন যুদ্ধের ভয়াবহতা ব্যাপক রূপ ধারণ করেছিল। সৈন্যদের কণ্ঠস্বর নিচু হয়ে পড়েছিল।  তরবারীর ঝংকার ও ঘোড়ার হ্রেসা ধ্বনি ব্যতীত কিছুই যেন শোনা যাচ্ছিল না। তারপরেও  আবু সুফিয়ানের হুংকার থেমে যায়নি। সাঈদ ইবনুল মুসাইয়িব (রহঃ) বলেন, ইয়ারমূকের দিন  আবু সুফিয়ান (রাঃ)-এর মত হুংকার আর কারো শোনা যায়নি। তার ছেলের পতাকাতলে যুদ্ধরত  অবস্থায় তিনি বলছিলেন, এটি আল্লাহ্র দিন সমূহের মধ্যে অন্যতম একটি দিন। হে আল্লাহ!  তুমি তোমার বান্দাদের উপর সাহায্য নাযিল কর। যুদ্ধ যখন ভয়াবহ রূপ ধারণ  করল, তখন মুসলমান সৈন্যরা রোমকদেরকে যুদ্ধের জন্য এক গহীন উপত্যকায় টেনে আনতে  সক্ষম হ’ল। যখন তাদের একজন নিহত বা আহত হচ্ছিল তখন তাদের দশজনই চলে আসছিল। অতঃপর  গর্তে পতিত হচ্ছিল। এভাবে দশ হাযার রোমক সৈন্য সেখানে নিপতিত হয়েছিল, যাদেরকে  ঘোড়ার সাহায্যে পদদলিত করে হত্যা করা হয়েছিল।


ফলাফল: এ যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয়। কোন কোন বর্ণনা মতে, রোমকদের এক লক্ষ  বিশ হাযারেরও বেশী সৈন্য নিহত হয়। অপরপক্ষে  মুসলমানদের মাত্র তিন হাযার সৈন্য শহীদ হন। যাদের মধ্যে সাঈদ ইবনু হারব, নাঈম  আন-নাহহাম, নযর ইবনু হারেছ ও উমায়ের ইবনু হিশামের মত বড় বড় ছাহাবায়ে কেরাম ছিলেন।  রোমক সৈন্যরা পলায়ন করে দামেশকে আশ্রয় নেয়। তখন সম্রাট হিরাক্লিয়াস হিমছে অবস্থান  করছিলেন। পরাজয়ের সংবাদ শুনে তিনি রোম থেকে পলায়ন করে বাইজেন্টাইন সাম্রাজ্যের  রাজধানী কনস্টানটিনোপলে চলে যান। ইবনুল আছীর বলেন, সম্রাট হিরাক্লিয়াস পলায়নের সময়  সিরিয়ার দিকে মুখ করে বলেছিলেন, হে সিরিয়া তোমাকে সালাম! এরপর তোমার এ ভূমিতে আর  আমরা সমবেত হব না। কোন রোমক তোমার ভূমিতে কখনও নিরাপদে ফিরে আসবে না। এরপর মুসলিম বাহিনী জর্ডানের দিকে অগ্রসর হয় এবং  তা জয় করে দামেশক জয়ের জন্য রওয়ানা হয়। সেখানে গিয়ে তারা তা অবরোধ করেন। অবশেষে  দামেশক জয় করেন। বেঁচে যাওয়া রোমক সৈন্যরা তাদের সকল সম্পদ রেখে পলায়ন করে। ফলে সেগুলো  মুসলমানদের গণীমতের মালে পরিণত হয়। যার পরিমাণ ছিল অনেক। যা বণ্টনের পর দেখা গেল  প্রত্যেক অশ্বারোহী এক হাযার পাঁচ দিরহাম থেকে এক হাযার পাঁচশ দিরহাম পর্যন্ত  পেয়েছেন।


রোমকদের দৃষ্টিতে মুসলমানদের বিজয়ের কারণ: মুসলমানদের ধৈর্য, ন্যায়পরায়ণতা, মিথ্যার প্রতি  ঘৃণা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান এগুলো তাদের বিজয়ী হ’তে সহায়তা করে।  ইয়াকূত হামাবী বলেন, আল্লাহ ইয়ারমূকের যুদ্ধে এক বীরের (খালিদ বিন ওয়ালীদ) মাধ্যমে  মুসলমানদের সাহায্য করেন। পরাজিত রোমান সৈন্যরা ইনত্বাকিয়ায় সম্রাট হিরাক্লিয়াসের  দরবারে সমবেত হ’ল। তিনি তাদের কিছু লোককে ভিতরে ডেকে বললেন, তোমাদের ধ্বংস হোক,  তোমরা আমাকে বল, যাদের সাথে তোমরা যুদ্ধ করলে তারা কি তোমাদের মত মানুষ নয়? তারা  বলল, হ্যাঁ। তিনি বললেন, সংখ্যায় তোমরা বেশী না তারা বেশী? তারা বলল, আমরাই বেশী।  তিনি বললেন, তাহ’লে তোমাদের কি হয়েছে যে, তোমরা পরাস্ত হ’লে? তারা কোন উত্তর দিল  না। তখন তাদের মধ্য হ’তে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলল, আমি এর জবাব দিচ্ছি। আর তাহ’ল-  মুসলমানরা যখন আক্রমণ করে তখন তারা ধৈর্যের সাথে লড়াই করে। তারা মিথ্যা বলে না এবং  মিথ্যারোপও করে না। আর যখন আমরা হামলা করি তখন ধৈর্য ধারণ করি না বরং মিথ্যারোপ  করি। তারা লোকদের সৎকাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করে। তারা মনে করে  তাদের নিহতরা জান্নাতে যাবে এবং জীবিতরা বিজয়ী বেশে পুরস্কার ও গণীমত নিয়ে ফিরে  যাবে। তিনি বললেন, হে বৃদ্ধ! তুমি সত্য বলেছ, অবশ্যই আমি তোমাদেরকে এই এলাকা হ’তে  বিতাড়িত করব। তোমাদের সাহচর্যের আমার কোন প্রয়োজন নেই। প্রয়োজন নেই আমার এক  বিচক্ষণ জাতির বিরুদ্ধে যুদ্ধ করার। তখন বৃদ্ধ বলল, আল্লাহ্র কসম দিয়ে বলছি, আপনি  দুনিয়ার জান্নাত সিরিয়া আরবদের জন্য ছেড়ে দিয়ে চলে যাবেন না। কোন ওযরও পেশ করবেন  না।


তিনি বললেন, তোমরা দামেশক, ফাহল ও হিমছ সহ  বিভিন্ন স্থানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছ, কিন্তু সবখান থেকেই পলায়ন করেছ।  অথচ তাদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হওনি। বৃদ্ধ বলল, নক্ষত্রের মত অসংখ্য সৈন্য  পাশে থেকেও আপনি কি পলায়ন করবেন? খ্রিষ্টানদের কাছে আপনি কী ওযর পেশ করবেন? তখন  সম্রাট শান্ত হ’লেন এবং তাদেরকে রোম, আর্মেনিয়া ও কনস্টান্টিনোপলের পথে যুদ্ধে  পাঠালেন এবং বললেন, হে সৈন্যরা! আরবরা কেবল সিরিয়া জয় করে ক্ষান্ত হবে না। বরং ওরা  তোমাদের শেষ ভূমিটুকুও দখল করে নিবে। তোমাদের সন্তান ও নারীদেরকে বন্দি করবে এবং রাজার  সন্তানদেরকে দাস করে রাখবে। অতএব তোমরা তোমাদের সম্মান রক্ষা কর, রক্ষা কর তোমাদের  রাজাকে। এরপর তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে পাঠালেন। তারা পরাস্ত হওয়ার সংবাদ  পেলে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের উদ্দেশ্যে রওয়ানা  দেওয়ার পূর্বে এক উঁচু স্থানে উঠে দাঁড়িয়ে বললেন, হে সিরিয়া! তোমাকে বিদায়ী সালাম!  তোমার এ ভূমিতে আর কখনো আমাদের ফিরে আসা হবে না। এরপর নিজের প্রতি আক্ষেপ করে  বললেন, তোমার জন্য ধ্বংস! কোন ভূমিই তোমার উপকারে আসল না। অসংখ্য সৈন্য তোমার কোন  উপকার করতে পারল না! এই উর্বর সবুজ-শ্যামল ভূমি শত্রুর বিরুদ্ধে কোন কাজে লাগল না।


যুদ্ধে নারীদের ভূমিকা: এ যুদ্ধে বহু নারী  অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করার পাশাপাশি আহতদের সেবা করেছিলেন।  আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) তার তাঁবুতে থেকে সাতজন রোমক সৈন্যকে হত্যা করেছিলেন। আসমা বিনতে আবুবকর (রাঃ)  তার স্বামী যুবায়েরকে দারুণভাবে উৎসাহিত করেছিলেন। ইবরাহীম নাখঈকে নারীদের  জিহাদ সম্পর্কে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, তারা রাসূল (ছাঃ)-এর সাথে যুদ্ধে অংশ  গ্রহণ করত এবং আহতদের সেবা করত ও যোদ্ধাদের পানি পরিবেশন করত। কিন্তু তাদের কারো  শাহাদত বরণের কথা আমি শুনিনি। যখন রোমক বাহিনী মুসলমানদের ঘিরে ফেলেছিল, তখন কুরাইশ  নারীরা ইয়ারমূকের দিন তরবারী হাতে নিয়ে যুদ্ধ করেছিল। ইবনু কাছীর বলেন,  ইয়ারমূকের যুদ্ধে মুসলিম রমণীগণ অংশগ্রহণ করে বহু রোমক সৈন্যকে হত্যা করেন। তারা  ময়দান থেকে পলায়নপর মুসলিম সৈন্যদের প্রহার করে বলছিলেন, তোমরা কোথায় পালাচ্ছ? আর  আমাদেরকে সেবা করার জন্য আহবান করছ? তখন পলায়নপর মুসলিম সৈন্যরা যুদ্ধের ময়দানে  ফিরে যায়। আমর ইবনুল আছ (রাঃ)ও পলায়নকারীদের মধ্যে ছিলেন। তিনি সহ আরো চারটি দল  যখন পলায়ন করে পশ্চাতের নারী সৈন্যদের নিকট পেঁŠছলেন,  তখন তারা তাদেরকে ভৎর্সনা করল ও অপমান করল। ফলে তারা পুনরায় যুদ্ধের ময়দানে ফিরে  গেলেন।


যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর মুসলিম বাহিনী যখন সিরিয়ার  রাজধানী দামেশক অবরোধ করল, তখন খালিদ বিন ওয়ালীদ (রাঃ) খলীফা ওমর ইবনুল খাত্ত্বাব  (রাঃ) কর্তৃক প্রেরিত পত্রের বিষয়বস্ত্ত প্রকাশ করলেন। যেখানে আবুবকর (রাঃ)-এর  মৃত্যু সংবাদ ও তাকে অপসারণ করে  আবু  ওবায়দা ইবনুল জার্রাহ (রাঃ)-কে প্রধান সেনাপতির দায়িত্ব অর্পণ করার কথা লিখিত ছিল।  আবুবকর (রাঃ) জুমাদাল আখেরাহ মাসের মাঝামাঝি সময়ে সিরিয়া বিজয়ের মাত্র দশ দিন  পূর্বে মৃত্যুবরণ করেন। অতঃপর সেনাপতি খালিদ বিন ওয়ালীদ (রাঃ) সব  দায়িত্ব নতুন সেনাপতিকে বুঝিয়ে দিয়ে সাধারণ সৈনিকে পরিণত হ’লেন।


শিক্ষণীয় বিষয়: এক সময় রাসূলুল্লাহ (ছাঃ)-এর বিরুদ্ধে কুরায়েশ ও সম্মিলিত আরব বাহিনীর  নেতা আবু সুফিয়ান, ‘এই উম্মতের ফেরাঊন’ বলে খ্যাত আবু জাহ্ল-এর পুত্র ইকরিমা, যারা  ৮ম হিজরীতে মক্কা বিজয়ের সময় মুসলমান হন, ইসলামের জন্য তাদের  অতুলনীয় বীরত্ব ও ত্যাগের মহিমা তাদের পিছনের  সবকিছুকে ছাপিয়ে গেছে। জাহেলী যুগে যারা সেরা ছিলেন ইসলামী যুগে তারাই সেরা ছিলেন।  আক্বীদা পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবনের যে আমূল পরিবর্তন ঘটে, এটাই তার বাস্তব  প্রমাণ। ইসলামের জিহাদ তাই মূলতঃ আক্বীদা পরিবর্তনের জিহাদ।


আর একটি গুরুত্বপূর্ণ বিষয়  হ’ল আমীরের প্রতি আনুগত্য। কিংবদন্তীতুল্য সেনাপতি খালেদ বিন ওয়ালীদ যুদ্ধ  চলাকালীন সময়ে বরখাস্ত হওয়া সত্ত্বেও সহজভাবে উক্ত নির্দেশ মেনে নেন। বিশ্ব  ইতিহাসে অতুলনীয় এই আনুগত্যের কারণেই প্রথম যুগের মুসলমানদের পক্ষে বিশ্ব জয় করা  সম্ভব হয়েছিল।


উপসংহার: চিরন্তন সত্য হ’ল  মুসলমানগণ কখনো সংখ্যাধিক্য বা আধুনিক অস্ত্রের ব্যবহার কিংবা অনুকূল জায়গায় অবস্থান  করে যুদ্ধ করার ফলে বিজয় লাভ করেননি। বরং তাদের অটুট ঈমানী শক্তি, আল্লাহ্র উপর  অবিচল আস্থা ও আল্লাহ্র পক্ষ থেকে সাহায্য নাযিল হওয়ায় তারা বিজয় লাভ করেছেন।  অন্যথায় ইয়ারমূকের যুদ্ধে দুই লক্ষ চল্লিশ হাযার প্রশিক্ষিত সৈন্যের বিরুদ্ধে  মাত্র চল্লিশ হাযার সৈন্যের যুদ্ধে জয়লাভ করা সহজ ব্যাপার ছিল না। আল্লাহ তা‘আলা  বলেন, ‘তোমরা হীনবল হয়ো না, চিন্তান্বিত হয়ো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও’ (আলে ইমরান ৩/১৩৯)

কালপরিক্রমায় দেড় হাযার বছর পর সেই সিরিয়া ও ফিলিস্তীন  এখন যুদ্ধে ক্ষত-বিক্ষত। প্রতিদিন সেখানে নিহত হচ্ছে শত শত মুসলমান। হত্যাকারী ও  নিহত ব্যক্তি কেউ জানে না কেন সে যুদ্ধ করছে, কেনই বা সে নিহত হচ্ছে। যে যার মত  সেখানে আপন আপন শক্তি প্রদর্শন করে চলেছে। আর মানবতার এক চরম বিপর্যয় ঘটিয়ে চলেছে  অবিরতভাবে। তার মধ্যে এমন একটি পক্ষের উত্থান ঘটেছে যারা কিনা সরাসরি ‘খিলাফত’  ঘোষণা করে যুদ্ধ পরিচালনা করছে। কিন্তু তাদের যুদ্ধনীতিতে ‘খিলাফত’ ব্যবস্থা তথা  ইসলামী সমাজ ও রাষ্ট্রব্যবস্থার কোন চিহ্ন নেই, বরং রয়েছে তাতার-মোঙ্গলদের মত  ঠান্ডা মাথার হিংস্রতা ও সীমাহীন বর্বরতা। আল্লাহ্র পথে জিহাদের দুর্জয় প্রতিরোধ  সংগ্রামের পরিবর্তে রয়েছে নিষ্ঠুর হত্যাযজ্ঞ আর সাধারণ মানুষের রক্ত নিয়ে  হোলিখেলা। দেড় হাযার বছর পূর্বে ইয়ারমূকের যুদ্ধের বিজয়ী মুসলিম সেনাবাহিনীকে খ্রিষ্টান  সম্রাট হিরাক্লিয়াস অভিহিত করেছিলেন ‘বিচক্ষণ জাতি’ হিসাবে। আর আজকের এই তথাকথিত  মুজাহিদ তথা উগ্রবাদীরা সারা বিশ্বের কাছে চিহ্নিত হয়েছে একটি ঘৃণিত পশুশক্তি  হিসাবে। এখানেই পার্থক্য স্পষ্ট হয়ে যায় সত্যসেবী মরণজয়ী মুজাহিদ আর চরমপন্থী খুনীদের  মধ্যে। আল্লাহ রাববুল আলামীন আমাদের সকলকে সত্যসেবীদের অন্তর্ভুক্ত হওয়ার তাওফীক  দান করুন। ইয়ারমূকের ময়দানে মুসলিম বাহিনী সেদিন যে ত্যাগ ও বীরত্ব দেখিয়েছিল, সেই  ঈমানী দৃঢ়তা ও আদর্শিক মহত্তবব নিয়ে বিশ্বের বুকে আবারও সেই হারানো মর্যাদার আসনে  মুসলমানদের অধিষ্ঠিত হওয়ার তাওফীক আল্লাহ দান করুন। আমীন! 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন