মুসলমানদের মিসর বিজয়
মুসলমানদের মিসর বিজয়ের কারণ সুস্পষ্ট। সামরিক দিক দিয়ে মিসরের অবস্থান, এর কৃষি সম্পদের প্রাচুর্য এবং সিরিয়া ও ফিলিস্তিন বিজয়ের পর রোম সম্রাটের ক্রমাগত দুশমনি মিসর বিজয়ের দিকে খলিফার দৃষ্টি আকৃষ্ট করে। মিসরে তখনো বাইজানটাইনীয়দের কর্তৃত্ব বহাল ছিল। রোমানদের সিরিয়া ও ফিলিস্তিনের এতটা কাছে অবস্থান করতে দেওয়া মুসলমানদের পক্ষে নিরাপদ ছিল না। হিজায ছিল ইসলামের প্রাণকেন্দ্র। মিসর হিজাযের অত্যন্ত নিকটবর্তী হওয়ায় যে কোনো মুহূর্তে মুসলিম শক্তির পক্ষে বিপদের আশঙ্কা ছিল। সুতরাং আত্মরক্ষার প্রয়োজনেই মুসলমানগণ মিসর দখল করতে উদ্বুদ্ধ হয়েছিল। মিসরের রাজধানী আলেকজান্দ্রিয়া ছিল বাইজানটাইন নৌবাহিনীর ঘাঁটি ও অবশিষ্ট উত্তর-আফ্রিকার তোরণদ্বার স্বরূপ। অতএব, শক্তিশালী মুসলিম সাম্রাজ্য গঠনের জন্য মিসর বিজয়ের প্রয়োজনীয়তা ছিল।
আরবগণ আর্থিক দুর্গতি থেকে মুক্ত ছিল না। তাদের আর্থিক সমস্যা সমাধানের জন্য অপর দেশের ওপর নির্ভর করতে হতো। নীলনদের দেশ বলে মিসর ছিল কৃষি-সম্পদে সমৃদ্ধ। নীল নদের পলিযুক্ত প্রচুর পানিপ্রবাহ মিসরভূমিকে উর্বরতা দান করে। মিসরকে তাই বলা হয় ‘নীলনদের দেশ’। মুসলমানগণ নিজেদের জাতীয় অর্থনীতির দুর্দশা মোচন এবং বাইজানটাইন সাম্রাজ্যকে হীনবল করার জন্য মিসর জয়ের প্রয়োজনীয়তাবোধ করে। রোম সম্রাটের আচরণ মুসলমানদের মিসর বিজয়কে ত্বরান্বিত করেছিল। রোমান শাসক জাযিরার জনগণকে মুসলমানদের বিরুদ্ধে প্ররোচনা দান করেছিলেন এবং মিসরের মধ্যে দিয়ে সিরিয়া আক্রমণ করার চিন্তা করছিলেন। এসব কারণে খলিফা ওমর আমর-বিন-আসকে মিসরের দিকে অগ্রসর হতে নির্দেশ দিয়েছিলেন।
আমর-বিন-আস ৪০ হাজার সৈন্যসহ ওয়াদি আল্-আরিশের পথ দিয়ে মিসরের দিকে অগ্রসর হলেন (৬৩৯ খ্রি.)। আল-আরিশ দখলের পর তিনি মিসরের পূর্বাঞ্চলে অবস্থিত ফারমা অধিকার করেন। পথে তিনি কায়রোর উত্তর-পূর্বে অবস্থিত বিলবিস এবং আরও কয়েকটি ছোট ছোট শহর দখল করে ব্যাবিলনের সন্নিকটে পৌঁছান। এ সময় হজরত ওমরের নির্দেশে আমরের সাহায্যার্থে আরও দশ সহস সৈন্য মিসরে এসে পৌঁছল। আমর এ সেনাবাহিনী নিয়ে হেলিওপলিস আক্রমণ করলেন। (জুলাই, ৬৪০ খ্রি.)। বাইজানটানীয় বাহিনী ২৫ হাজার সৈন্য দ্বারা সুসজ্জিত থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করল। পরাজিত বাইজানটাইনীয় বাহিনীর সেনাপতি থিওডোরাস আলেকজান্দ্রিয়ায় পলায়ন করলেন এবং বাইজানটাইনের শাসক সাইরাস ব্যাবিলন দুর্গে আশ্রয় গ্রহণ করলেন। মুসলিম সেনাবানিহী ব্যাবিলন অবরোধ করল। সাত মাস অবরোধ চলার পর তা মুসলমানদের হস্তগত হলো (এপ্রিল, ৬৪১ খ্রি.)। ব্যাবিলন দখলের পর আমর রোমানদের প্রধান সামরিক ঘাঁটি আলেকজান্দ্রিয়া অবরোধ করলেন। মুসলিম আক্রমণ প্রতিহত করার জন্য ৫০ হাজার বাইজানটাইনীয় সেনা নিয়োগ করা হয়। তথাপি মুসলমানদের বিরুদ্ধে তারা এঁটে উঠতে পারল না। আলেকজান্দ্রিয়া মুসলমানদের অধিকারে এলো। এভাবে সমৃদ্ধ মিসরের মুসলিম কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হলো।
